শীতে বিড়ালের যত্ন কিভাবে নিতে হয়? জেনে নিন ১০টি গুরুত্বপূর্ণ পয়েন্ট

A cute domestic cat wrapped cozily in a warm wool knitted blanket inside a living room during winter.


শীতের মিষ্টি সকাল আমাদের ভালো লাগলেও, ঘরের প্রিয় পোষা বিড়ালটির জন্য এই ঋতুটি কিন্তু বেশ চ্যালেঞ্জিং। অনেকে মনে করেন বিড়ালের গায়ের ঘন পশমই তাকে কনকনে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য যথেষ্ট, আলাদা ভাবে শীতে বিড়ালের যত্ন নিতে হয় না। তবে এই ধারণাটি সম্পূর্ণ ভুল। অতিরিক্ত ঠান্ডায় বিড়ালেরও সর্দি-কাশি, তীব্র জ্বর, নিউমোনিয়া কিংবা হাইপোথার্মিয়ার মতো বড় ধরনের রোগ হতে পারে। তাই এই সময়ে শীতে বিড়ালের যত্ন নেওয়ার ক্ষেত্রে আমাদের একটু বেশিই খুঁতখুঁতে ও সাবধানী হতে হবে।

ঘরের ভেতরের পরিবেশকে আরামদায়ক রাখা থেকে শুরু করে খাবারের থালায় পুষ্টিকর খাবার নিশ্চিত করা—প্রতিটি ছোটখাটো বিষয়ে নজর দিলে আপনার আদরের সোনাটি থাকবে একদম নিরাপদ। আজকের লেখায় আমরা কথা বলব শীতে পোষা বিড়ালের যত্ন নেওয়ার সম্পূর্ণ বাস্তবধর্মী ও কার্যকর কিছু উপায় নিয়ে।

 

বিড়ালকে সরাসরি স্পর্স করলে কি কি রোগ ছড়ায়? জানতে এই পড়াটি পড়তে পারেন


১. শীতে বিড়ালের যত্ন: থাকার জায়গায় একটু বাড়তি ওম দিন

শীতের দিনে মেঝের ঠান্ডা বিড়ালের শরীরের জন্য খুব ক্ষতিকর। তাই ভুল করেও তাকে সরাসরি মেঝেতে ঘুমাতে দেবেন না। ঘরের যে কোণায় ঠান্ডা বাতাস কম আসে, সেখানে তার শোবার ব্যবস্থা করুন। বিড়ালের খাটিয়ায় কিছু নরম সুতি বা উলের পুরোনো গরম কাপড় বিছিয়ে দিতে পারেন। আর বাজেট থাকলে বাজার থেকে একটা থার্মাল বেড কিনে নিতে পারেন, যা বিড়ালের শরীরের তাপমাত্রা ধরে রাখতে চমৎকার কাজ করে। শীতে বিড়ালের যত্নে বিছানা পারফেক্ট করার কিছু সহজ আইডিয়া নিচে দেওয়া হলো:


মেঝে থেকে উঁচুতে বিছানা করুন

বিড়ালের বিছানা বা ম্যাট কখনোই সরাসরি ঠান্ডা মেঝের ওপর রাখবেন না। ঠান্ডা মেঝে থেকে দূরত্ব বজায় রাখতে কোনো কাঠের তক্তা, ছোট টুল বা খাটের ওপর তার শোবার ব্যবস্থা করুন।

উষ্ণ কাপড়ের ব্যবহার

বিছানায় পুরোনো সুতি বা ফ্ল্যানেলের কাপড়, নরম মোটা কম্বল অথবা উলের চাদর ভাঁজ করে বিছিয়ে দিন। বিড়াল কাপড়ের ওম বা ওয়ানাবিলিটি খুব পছন্দ করে।

থার্মাল বা সেলফ-হিটিং বেড

সম্ভব হলে বাজার থেকে বিড়ালের জন্য বিশেষ থার্মাল বেড (Thermal Bed) কিনে নিতে পারেন। এগুলো কারেন্ট ছাড়াই বিড়ালের শরীরের নিজস্ব তাপ ধরে রেখে বিছানাটাকে সারারাত প্রাকৃতিকভাবেই গরম রাখে।

চারপাশ ঢাকা বিছানা বা ক্যাট কেভ

শীতকালে খোলা বিছানার চেয়ে চারপাশ ঢাকা গুহার মতো বিছানা (Cat Cave Bed) বিড়ালের জন্য সবচেয়ে সেরা। এটি চারদিকের ঠান্ডা বাতাস আটকে ভেতরের পরিবেশকে একদম তুলতুলে ও গরম রাখে।

বিছানার সঠিক অবস্থান

ঘরের যে অংশে বাইরের ঠান্ডা হাওয়া সরাসরি আসে না (যেমন জানালা বা মেইন দরজার থেকে দূরে) এবং ঘরের ভেতরের দিকটা তুলনামূলক গরম থাকে—ঠিক এমন একটি নিরাপদ কোণায় তার বিছানাটি সেট করুন।

 

A cute domestic cat wrapped cozily in a warm wool knitted blanket inside a living room during winter.

২. শীতে বিড়ালের যত্ন: খাবারের থালায় ক্যালোরি বাড়ান

 ঠান্ডা আবহাওয়ায় নিজের শরীরকে গরম রাখতে বিড়ালের স্বাভাবিকের চেয়ে একটু বেশি এনার্জির প্রয়োজন হয়। তাই শীতের এই দিনগুলোতে তার খাবারে প্রোটিন আর ফ্যাটের পরিমাণ কিছুটা বাড়িয়ে দিন। তবে খাবারটি যেন অবশ্যই সহজে হজম হয়, সেদিকে খেয়াল রাখবেন। তাকে নিয়মিত হালকা গরম খাবার, যেমন—কুসুম গরম চিকেন স্যুপ কিংবা সেদ্ধ মাংসের কিমা দিতে পারেন। বিড়ালের ওজন বেশি হলে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবারের পরিমাণ ঠিক করুন।নিচে কিছু একদম সহজ ও নিরাপদ ঘরোয়া উপায় দেওয়া হলো, যা আপনার বিড়ালের খাবারে ক্যালোরি বাড়াতে সাহায্য করবে:

খাবারে ওয়েট ফুডের (Wet Food) পরিমাণ বাড়ানো

ড্রাই ফুডের তুলনায় ভালো মানের ক্যানড ওয়েট ফুড বা জেলি খাবারে প্রোটিন এবং ফ্যাটের পরিমাণ বেশি থাকে। শীতের দিনগুলোতে বিড়ালের রেগুলার খাবারের সাথে কিছুটা ওয়েট ফুড মিশিয়ে দিলে তা খুব দ্রুত শরীরে ক্যালোরির জোগান দেয়।

ঘরে তৈরি গরম চিকেন বা ফিশ স্যুপ

মুরগির মাংস বা মাছ সেদ্ধ করে (কোনো রকম লবণ বা মসলা ছাড়া) যে স্টক বা স্যুপ তৈরি হয়, সেটি কুসুম গরম অবস্থায় বিড়ালের মূল খাবারের ওপর ছড়িয়ে দিন। এই গরম স্যুপের সুগন্ধ বিড়ালের খাবারের রুচি যেমন বাড়াবে, তেমনি তার শরীরের পানির ঘাটতিও দূর করবে।


Close-up of a ceramic bowl filled with warm shredded chicken soup and nutritious broth for a pet cat.


সেদ্ধ ডিমের কুসুমের ম্যাজিক

সপ্তাহে ১ থেকে ২ দিন একটি সেদ্ধ ডিমের অর্ধেকটা কুসুম ভালো করে চটকে বিড়ালের খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন। ডিমের কুসুমে থাকা সুস্থ ফ্যাট ও প্রচুর ক্যালোরি বিড়ালের শরীর গরম রাখার পাশাপাশি শীতের দিনে তার পশমকে রাখবে রেশমের মতো চকচকে।

একটু বাড়তি ক্যাট ট্রিটস (Cat Treats)

শীতের অলস দুপুরে বা বিকেলের নাস্তায় বিড়ালকে উচ্চ ক্যালোরিযুক্ত ভালো মানের ক্যাট ট্রিটস কিংবা ডিহাইড্রেটেড মিট (শুকনো মাংসের টুকরো) খেতে দিতে পারেন। এতে তার শরীরে বাড়তি এনার্জি আসবে।

খাবারে স্যামন অয়েলের ব্যবহার

ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিয়ে বিড়ালের খাবারের থালায় প্রতিদিন কয়েক ফোঁটা পিওর স্যামন অয়েল (Salmon Oil) মিশিয়ে দিতে পারেন। এটি ক্যালোরি বাড়ানোর সবচেয়ে চমৎকার একটি উপায়, যা একই সাথে শীতের শুষ্ক আবহাওয়ায় বিড়ালের ত্বকের চুলকানি ও পশম ঝরে পড়া রোধ করে।

 বিড়ালের ঠান্ডা বা সর্দি লাগলে করণীয়

৩. শীতে পোষা বিড়ালের যত্ন: কুসুম গরম পানির জোগান দিন

শীতের আলসেমিতে বিড়াল একদমই পানি খেতে চায় না। আর পানি কম খেলে ডিহাইড্রেশন বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (UTI)-এর মতো জটিল রোগ বাসা বাঁধতে পারে। তাই বিড়ালকে সবসময় পরিষ্কার ও হালকা কুসুম গরম পানি খেতে দিন। কনকনে ঠান্ডা পানি খাওয়ালে তার গলা ব্যথা বা ঠান্ডা লেগে যাওয়ার ঝুঁকি থাকে। পানি খাওয়ার অভ্যাস সচল রাখতে ঘরের কয়েক জায়গায় পানির পাত্র রেখে দিতে পারেন।

 

৪. সকালের মিষ্টি রোদ গায়ে লাগান

বিড়ালের সুস্বাস্থ্যের জন্য সকালের হালকা রোদ এক দারুণ ওষুধ। রোদে থাকা ভিটামিন ডি বিড়ালের হাড়কে মজবুত করে এবং শরীরে রক্ত চলাচল স্বাভাবিক রাখে। ঘরের যে জানালা বা বারান্দায় সকালের রোদ আসে, সেখানে বিড়ালের বসার বা খেলার একটা ছোট্ট জোন তৈরি করে দিতে পারেন।

 

৫. গোসল করানোর ক্ষেত্রে জিরো টলারেন্স

শীতের দিনে বিড়ালকে গোসল করানোর ব্যাপারে আপনাকে কঠোর বা ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করতে হবে। বিড়াল স্বভাবগতভাবেই পানি অপছন্দ করে এবং তাদের শরীরের তাপমাত্রা মানুষের চেয়ে বেশি (প্রায় ১০১-১০২.৫ ডিগ্রি ফারেনহাইট) থাকে। শীতের ঠান্ডা পানিতে গোসল করালে তাদের শরীরের তাপমাত্রা আচমকা কমে গিয়ে হাইপোথার্মিয়া হতে পারে। এছাড়া ভেজা পশম সহজে না শুকালে ফুসফুসে ঠান্ডা বসে নিউমোনিয়ার মতো মারাত্মক ও প্রাণঘাতী রোগ হতে পারে। তাই খুব বেশি জরুরি কোনো কারণ (যেমন গায়ে আঠালো বা বিষাক্ত কিছু লেগে যাওয়া) ছাড়া শীতের ৩-৪ মাস বিড়ালকে ভুলেও গোসল করাবেন না।

বিড়ালকে গোসল না করিয়েও যেভাবে একদম পরিষ্কার ও দুর্গন্ধমুক্ত রাখবেন, তার কিছু কার্যকর বিকল্প পদ্ধতি নিচে দেওয়া হলো:

কুসুম গরম পানিতে স্পঞ্জ বাথ (Warm Towel Wipe)

বিড়ালের গা যদি নোংরা হয়ে যায়, তবে একটি নরম সুতি তোয়ালে হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে খুব ভালো করে চিপে নিন। এরপর আলতো করে বিড়ালের পুরো শরীর মুছে দিন। মোছা শেষ হলে শুকনো তোয়ালে দিয়ে গায়ের পানি মুছে দিন।শীতে পোষা বিড়ালের যত্নে আপনাকে ্আরো বেশি সচেতন হতে হবে।

ওয়াটারলেস বা ড্রাই ক্যাট শ্যাম্পু (Dry Shampoo)

বাজারে বিড়ালের জন্য বিশেষ ড্রাই শ্যাম্পু (ফোম বা স্প্রে আকারে) পাওয়া যায়। এটি বিড়ালের গায়ে স্প্রে করে হালকা ম্যাসাজ করে চিরুনি দিয়ে আঁচড়ে দিলে কোনো পানি ছাড়াই পশমের সব ময়লা ও অতিরিক্ত তেল দূর হয়ে যায়।

পেট ওয়াইপসের ব্যবহার (Pet Wipes)

বিড়ালের থাবা, মুখ বা পেছনের অংশ পরিষ্কার করার জন্য অ্যালকোহল ও সুগন্ধিমুক্ত ক্যাট ওয়াইপস ব্যবহার করুন। এটি খুব দ্রুত ময়লা পরিষ্কার করে এবং বিড়ালের ঠান্ডা লাগার কোনো ভয় থাকে না।

অপরিহার্য ক্ষেত্রে গোসলের নিয়ম

যদি কোনো কারণে গোসল করানো ছাড়া উপায় না থাকে, তবে ঘরের দরজা-জানালা বন্ধ করে (যাতে বাতাস না আসে) সম্পূর্ণ বাথরুমটি হালকা গরম করে নিন। একদম কুসুম গরম পানি ও ক্যাট শ্যাম্পু দিয়ে দ্রুত (৩-৫ মিনিটের মধ্যে) গোসল শেষ করুন। গোসল করানো মাত্রই মাইক্রোফাইবার তোয়ালে দিয়ে গা মুছে, কম পাওয়ারে ব্লো ড্রায়ার (Blow Dryer) দূর থেকে ধরে পশমের গোড়া পর্যন্ত পুরোপুরি শুকিয়ে ফেলুন।

 

৬. পশম বা ফারের নিয়মিত চিরুনি অভিযান

শীতের শুষ্ক হাওয়ায় বিড়ালের পশম রুক্ষ হয়ে জট পাকিয়ে যেতে পারে এবং প্রচুর পশম ঝরতে পারে। এর সমাধানের জন্য প্রতিদিন নিয়ম করে অন্তত একবার নরম ব্রাশ দিয়ে তার পশম আঁচড়ে দিন। এতে ত্বকের মরা চামড়া ঝরে যায় এবং শরীরের প্রাকৃতিক তেল পুরো ফারে ছড়িয়ে পড়ে, ফলে ত্বক নরম ও চকচকে থাকে।


A person gently grooming and brushing a fluffy cat's soft fur with a pet brush at home.


বিড়ালের সংস্পর্সে মানুষের কি কি রোগ হতে পারে সে সম্পর্কে জানতে চান? তবে বিড়ালের মল ও লোমের মাধ্যমে যেসব রোগ ছড়ায় ও বিড়ালের কামড় ও আচঁড়ের মাধ্যমে যেসব রোগ ছড়ায় 


৭. ঘরের ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখুন

শীতের রাতে ঘরের সব জানালা ভালো করে আটকে রাখুন, যেন হিমেল হাওয়া ভেতরে ঢুকতে না পারে। যদি ঘরে রুম হিটার ব্যবহার করেন, তবে বিড়ালের দিকে কড়া নজর রাখুন। বিড়াল যেন হিটারের খুব কাছে চলে না যায়, কারণ এতে তার ত্বক পুড়ে যাওয়ার বা অতিরিক্ত শুষ্ক হয়ে যাওয়ার ভয় থাকে।

 

৮. অলসতা কাটাতে ইনডোর গেমসের ব্যবস্থা

শীতের এই কনকনে ঠান্ডায় আমাদের যেমন লেপ-কম্বল ছেড়ে উঠতে মন চায় না, ঘরের পশুদের অবস্থাও কিন্তু ঠিক একই রকম হয়। ঠান্ডা থেকে বাঁচতে ওরা সাধারণত ঘরের কোনো গরম কোণায় সারাদিন গোল হয়ে কুণ্ডলী পাকিয়ে ঘুমিয়ে কাটায়। তবে আদরের বিড়ালটি সারাদিন এভাবে আলসেমি করে শুয়ে-বসে কাটানো কিন্তু ওর শরীরের জন্য একদম ভালো নয়। একটানা অলস বসে থাকলে ওদের খাবার ঠিকমতো হজম হতে চায় না, পেট কষে যাওয়ার বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় এবং নড়াচড়া না করায় হু হু করে ওজন বেড়ে যাওয়ার ভয় থাকে। শুধু তাই নয়, সারাদিন একঘেয়ে বসে থাকলে বিড়ালের মনও খারাপ হয়ে যায়। তাই শীতের এই আলসেমি কাটিয়ে আপনার পোষা বিড়ালকে ঘরের ভেতরেই চনমনে ও চঞ্চল রাখার কিছু দারুণ ঘরোয়া খেলার আইডিয়া নিচে দেওয়া হলো:


A playful cat jumping to catch a colorful feather stick toy on a rug in a bright room.


লেজার লাইটের খেলা (Laser Light Chase)

ঘরের মেঝে কিংবা দেয়ালে লেজার লাইটের লাল বিন্দুটি ফেলে বিড়ালকে ওটা ধরার জন্য একটু উসকে দিন। আলোর বিন্দুটি ধরার জন্য ও যখন এদিক-ওদিক পাগলের মতো দৌড়াদৌড়ি করবে, তাতেই মাত্র ৫-১০ মিনিটে ওর শরীরের চমৎকার একটা ব্যায়াম হয়ে যাবে এবং গা-ও বেশ গরম হবে। তবে সাবধান, লাইটের আলো যেন কোনোভাবেই ওর চোখে সরাসরি না লাগে।

পালকের খেলনা বা ফেদার স্টিক (Feather Wand)

বিড়ালের ভেতরের শিকারী স্বভাবটাকে জাগিয়ে তোলার সবচেয়ে সহজ উপায় হলো মাথায় পালক লাগানো লাঠি বা ফেদার স্টিক। লাঠির ডগার পালকটা বাতাসে কিংবা কার্পেটের ওপর পাখির মতো ফড়ফড় করে নাড়াচাড়া করুন। ওটা ধরার জন্য বিড়াল যখন ওত পেতে লাফঝাঁপ দেবে, তখন ওর শরীরের অলসতা এক বুড়ো আঙুল দেখিয়ে পালিয়ে যাবে।


A playful cat jumping to catch a colorful feather stick toy on a rug in a bright room.


খাবারের ধাঁধা বা ট্রিট পাজল (Treat Puzzles)

বিড়ালকে বাটিতে এমনি এমনি খাবার না দিয়ে বিভিন্ন ক্যাট পাজল টয় বা ধাঁধার ভেতর ওর পছন্দের ড্রাই ফুড বা ট্রিটস লুকিয়ে রাখুন। এতে বিড়ালকে একটু মাথা খাটিয়ে এবং থাবা ব্যবহার করে খাবারটা বের করে খেতে হবে। এই খেলাটা যেমন ওদের আলসেমি দূর করবে, তেমনি ওদের বুদ্ধি ও মনকেও চাঙ্গা রাখবে।

কাগজের বল আর খালি কার্টুন বাক্স (Paper Balls & Boxes)

দামী খেলনা কেনার কোনো দরকার নেই! সাধারণ একটা কাগজ হাতের মুঠোয় গোল করে বল বানিয়ে ওর দিকে ছুড়ে দিন, দেখবেন ওটা নিয়েই ও একা একা মেতে আছে। আর ঘরে কোনো খালি কার্ডবোর্ডের বাক্স থাকলে সেটা মেঝেতে রেখে দিন। বাক্সের ভেতর ঢোকা, উঁকিঝুঁকি মারা আর লুকোচুরি খেলা বিড়ালের অলসতা কাটানোর সবচেয়ে প্রিয় প্রাকৃতিক থেরাপি।

ক্যাটনিপ খেলনা (Catnip Toys)

বিড়ালের মুড এক নিমেষে ফুরফুরে করতে ক্যাটনিপ (Catnip) এর কোনো তুলনা নেই। বাজারে ক্যাটনিপের গন্ধযুক্ত নরম খেলনা কিনতে পাওয়া যায়। শীতের অলস দুপুরে বিড়ালকে এই খেলনাটা দিয়ে দেখুন, ও একদম চনমনে হয়ে উঠবে এবং আলসেমি ভুলে মনের আনন্দে খেলাধুলায় মেতে উঠবে।


৯. ভ্যাকসিন ও কৃমির ওষুধ মিস করবেন না

শীতের শুরুতে আবহাওয়া পরিবর্তনের কারণে বিড়ালের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমতির দিকে থাকে। তাই আপনার প্রিয় বিড়ালটির সব ভ্যাকসিন সময়মতো দেওয়া আছে কিনা তা আগেই চেক করে নিন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত বিরতিতে কৃমির ওষুধ (Deworming) খাওয়ানো নিশ্চিত করুন।

 

১০. শীতে বিড়ালের যত্ন: অসুস্থতার লক্ষণ দেখা মা্ত্রই ডাক্তার দেখান

এত সতর্কতার পরেও বিড়াল যেকোনো সময় অসুস্থ হয়ে পড়তে পারে। যদি দেখেন বিড়াল বারবার হাঁচি দিচ্ছে, চোখ-নাক দিয়ে পানি পড়ছে, খাবার মুখে দিচ্ছে না কিংবা সারাক্ষণ ঝিম মেরে বসে আছে—তবে এক মুহূর্তও দেরি না করে তাকে একজন অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারের কাছে নিয়ে যান।

 

শীতে পোষা বিড়ালের যত্ন নিয়ে ৭টি সাধারণ প্রশ্ন ও উত্তর (FAQ)

 প্রশ্ন ১: শীতকালে কি বিড়ালকে কাপড়ের জামা পরানো দরকার?

উত্তর: যদি আপনার বিড়াল জামা পরতে পছন্দ করে এবং ঘরের ভেতর সত্যিই খুব ঠান্ডা থাকে, তবে তাকে আরামদায়ক উলের পোশাক পরাতে পারেন। তবে সে যদি অস্বস্তি বোধ করে বা জোর জবরদস্তি করতে হয়, তবে না পরানোই ভালো। এতে সে মেন্টাল স্ট্রেসে পড়তে পারে।

প্রশ্ন ২: আমার বিড়ালের কান আর পায়ের থাবা এত ঠান্ডা হয়ে থাকে কেন?

উত্তর: বিড়ালের কান, লেজ আর থাবাতে রক্ত সঞ্চালন কিছুটা কম হওয়ায় এই অংশগুলো দ্রুত ঠান্ডা হয়ে যায়। এগুলো অতিরিক্ত ঠান্ডা থাকার মানে হলো বিড়ালের বেশ শীত করছে। তাই দ্রুত তাকে কোনো কম্বলের ওমে বা উষ্ণ জায়গায় নিয়ে যান।

প্রশ্ন ৩: শীতের দিনে বিড়ালকে কতদিন পর পর গোসল করানো উচিত?

উত্তর: শীতের ৩-৪ মাস বিড়ালকে গোসল না করানোই সবচেয়ে নিরাপদ। যদি গা নোংরা হয়ে যায়, তবে কুসুম গরম পানিতে তোয়ালে চিপে তার পুরো শরীর আলতো করে মুছে দিন।

প্রশ্ন ৪: শীতকালে বিড়ালের সর্দি-কাশি হলে ঘরে কী প্রাথমিক চিকিৎসা দেওয়া যায়?

উত্তর: বিড়ালের ঠান্ডা লাগলে তাকে প্রথমে একটি উষ্ণ ও আরামদায়ক রুমে রাখুন। তাকে কুসুম গরম চিকেন ব্রথ বা স্যুপ খাওয়াতে পারেন। তবে ভুলেও মানুষকে দেওয়া সর্দির কোনো ওষুধ বিড়ালকে খাওয়াবেন না, এটি তাদের জন্য মারাত্মক বিষাক্ত। সমস্যা বেশি মনে হলে ডাক্তার দেখান।

প্রশ্ন ৫: শীতের দিনে বিড়াল এত বেশি ঘুমায় কেন?

উত্তর: এটি বিড়ালের খুব স্বাভাবিক একটি স্বভাব। ঠান্ডা আবহাওয়ায় শরীরের ভেতরের শক্তি বা এনার্জি বাঁচিয়ে রাখতে এবং নিজেকে গরম রাখার প্রাকৃতিক কৌশল হিসেবেই বিড়াল শীতকালে বেশি সময় ঘুমিয়ে কাটায়।

প্রশ্ন ৬: শুষ্ক ত্বক বা চুলকানি কমাতে বিড়ালের গায়ে কি কোনো তেল মাখানো যাবে?

উত্তর: বিড়ালের শরীরে সরাসরি কোনো তেল বা মানুষের ব্যবহার করা লোশন কখনোই লাগানো যাবে না। বিড়ালের স্বভাবই হলো গা চাটা, তাই এগুলো পেটে গেলে সে মারাত্মক অসুস্থ হয়ে পড়বে। প্রয়োজনে ডাক্তারের পরামর্শে ওমেগা-৩ সাপ্লিমেন্ট বা বিড়ালের জন্য নিরাপদ ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।

প্রশ্ন ৭: শীতের দিনে বিড়ালের লিটার বক্সটি কোথায় রাখা ভালো?

উত্তর: শীতকালে লিটার বক্সটি অবশ্যই ঘরের ভেতরে কোনো উষ্ণ এবং বিড়ালের জন্য সহজলভ্য জায়গায় রাখুন। বারান্দা বা খোলা জায়গায় লিটার বক্স রাখলে ঠান্ডার ভয়ে বিড়াল মলমূত্র চেপে রাখতে পারে, যা তার কিডনি ও লিভারের জন্য ভীষণ ক্ষতিকর।


একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন