বাজরিগার পাখির মুখে মানুষের বুলি! বাজরিগার পাখিকে কথা বলা শেখানোর ৬টি জাদুকরী উপায়

 

বাজরিগার পাখিকে কথা বলা শেখানো

বাজরিগার পাখিকে কথা বলা শেখানো আমার কাছে একটি স্বপ্ন বা শখের বিষয় ছিল। সুন্দর রঙ্গিন একটি ছোট ও চঞ্চল পাখি তার কিচিরমিচির ডাক দিয়ে আমার হৃদয় কেড়ে নিয়েছে। পূর্বে আমি জানতামই না যে, সঠিক প্রশিক্ষণ ও ধৈর্যের মাধ্যমে পাখিটিকে মানুষের মতো কথা বলা শেখানো  অসম্ভব নয়। আপনিও যদি আপনার খাঁচার ছোট্ট বন্ধুটির মুখ থেকে নিজের নাম বা ছোট ছোট বুলি শুনতে চান, তবে কিছু সহজ ও কার্যকর কৌশল অবলম্বন করতে হবে। এই আর্টিকেলে আমি আপনাদেরকে এমন ৬টি সহজ উপায় সম্পর্কে বলব, যা অনুসরণ করলে খুব সহজেই আপনিও আপনার বাজরিগার পাখিকে কথা বলা শেখানোর কার্যটি সফল করতে পারবেন। 


১. বাজরিগার পাখিকে কথা বলা শেখানো সঠিক পাখি নির্বাচন করুন

সত্যি বলতে, সব বাজরিগার পাখিকে কিন্তু কথা বলা শেখানো যায় না। এদের বয়স আর জেন্ডারের ওপর ভিত্তি করে কথা বলার ক্ষমতা একেক রকম হয়। তাই কথা শেখাতে চাইলে পাখি কেনার সময়ই কিছু জিনিস মাথায় রাখা দরকার। যেমন: 

ছেলে পাখি নির্বাচন

মেয়ে বাজরিগারের চেয়ে ছেলে পাখি নেওয়া অনেক ভালো। কারণ ছেলে বাজরিগাররা বেশ দ্রুত আর স্পষ্ট কথা বলতে পারে। একটা চেনার উপায় বলে দিই, ছেলে পাখির নাকের চারপাশটা নীল রঙের হয়। আমার নিজেরই নীল রঙের পাখি ভীষণ পছন্দ, তাই কথা শেখানোর জন্য আমি একটা নীল রঙের ছেলে বাজরিগারই বেছে নিয়েছিলাম। আপনিও চাইলে নীল নিতে পারেন, অথবা নিজের পছন্দমতো অন্য কোনো রঙের ছেলে পাখিও বেছে নিতে পারেন।


ছেলে পাখি নির্বাচন


কম বয়সী পাখি

বাজরিগার পাখিকে কথা শেখাতে চাইলে একটু ছোট দেখে, মানে ৩ থেকে ৬ মাসের বাচ্চা পাখি কেনাটাই সবচেয়ে ভালো। এই বয়সে ওদের ব্রেন খুব শার্প থাকে, তাই যেকোনো কথা খুব দ্রুত শিখে ফেলে।

একলা পাখি

আপনার খাঁচায় যদি একের অধিক পাখি থাকে, যেটিকে আপনি কথা বলা শিখতে চাচ্ছেন সেটি পৃথক করে নিন। একের অধিক পাখি থাকলে তারা নিজেরা নিজেরা কিচিরমিচির করতে ব্যস্ত থাকে। বাজরিগার পাখিকে কথা বলা শেখানো জন্য একটি পাখিকে আলাদা রেখে প্রশিক্ষণ দেওয়া ভালো।


২. পাখির সাথে বন্ধুত্ব করুন

পাখি যে যাবত আপনাকে বিশ্বাস না করছে, সে আপনার কথা শুনবে না। তাই কথা বলা শেখানোর আগে তার সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলুন। কি ভাবছেন? পাখির সাথে আবার বন্ধুত্ব কিভাবে করবেন? চিন্তা কইরেন না, আমি শিখাইয়া দিতেছি। যেমন:

0১. প্রতিদিন কিছু সময় পাখির খাঁচার সামনে দাড়িয়ে থাকবেন ও তার চোখে চোখ রেখে তাকিয়ে থাকবেন। পাখিটি আপনার চেহেরা মনে রাখবে।

০২. হাতে কিছু খাবার নিয়ে তার মুখের সামনে দরুন। যেন সে আপনার হাত হতে খাবার খেতে পারে। সে কিছু্টা সাহস পাবে।

বাজরিগার পাখির সাথে বন্ধুত্ব


০৩. তার সামনে হাত মেলে দরুন ও মাঝের আঙ্গুল ‍দিয়ে পাখির শিনায় আলতু করে স্পর্শ করুন। সে আপনার আঙ্গুলের উপর বসবে ও আস্তে আস্তে হাতে উঠে আসবে। যখন দেখবেন পাখি আপনার হাতের ওপর নিজে থেকে এসে বসেছে, বুঝবেন সে আপনাকে বিশ্বাস করতে শুরু করেছে।


৩. ছোট ও সহজ শব্দ দিয়ে শুরু করুন

আপনার বাজরিগার পাখিকে কথা বলা শেখানোর একদম প্রথম ধাপ হলো খুব সহজ কিছু শব্দ বেছে নেওয়া। শুরুতেই বড় কোনো বাক্য বা কঠিন শব্দ বললে পাখিটি কিছুই বুঝবে না। তাই "মিঠু", "হ্যালো", "টা-টা" বা "বাবু"—এই ধরনের ছোট ও মিষ্টি শব্দ দিয়ে ট্রেনিং শুরু করুন। প্রতিদিন পাখিটার খাঁচার সামনে গিয়ে একই শব্দ বারবার বলতে থাকুন। যখন দেখবেন সে একটা শব্দ ঠিকঠাক বলতে পারছে, কেবল তখনই তাকে নতুন কোনো শব্দ শেখাতে যাবেন। তাড়াহুড়ো না করে অল্প অল্প করে শেখালেই দেখবেন আপনার আদরের পাখিটি খুব দ্রুত আপনার মুখের ভাষা লুফে নিচ্ছে। 


৪. সঠিক সময়ে প্রশিক্ষণ দিন

বাজরিগার পাখিকে কথা বলা শেখানোর জন্য সময়ের জ্ঞান থাকাটা ভীষণ জরুরি। সারাদিন ধরে পাখিটাকে কথা শোনানোর চেয়ে এমন একটা সময় বেছে নিন যখন সে একদম শান্ত আর মনোযোগ দেওয়ার মুডে থাকে। সাধারণত সকালবেলা ঘুম থেকে ওঠার পর এবং সন্ধ্যার ঠিক আগে পাখিরা খুব চঞ্চল ও সজাগ থাকে। এই দুই সময়ে দিনে অন্তত ১০ থেকে ১৫ মিনিট করে পাখিটার সাথে কথা বলুন। খাঁচার আশেপাশে অন্য কোনো হইচই বা টিভির আওয়াজ যেন না থাকে, সেদিকে খেয়াল রাখবেন। একদম নিরিবিলি পরিবেশে একা একা কথা বললে পাখিটি আপনার কণ্ঠস্বর খুব সহজেই মনে রাখতে পারবে।


নিরিবিলি পরিবেশে পাখিকে কথা বলা শিখানো


৫. বারবার একই শব্দ বলুন

বাজরিগার পাখিকে কথা বলা শেখানোর মূল চাবিকাঠি হলো ধৈর্য আর একই কথার পুনরাবৃত্তি। পাখিরা মূলত অনুকরণ করে শেখে, তাই একটা শব্দ তাকে বারবার শোনাতে হবে। যেমন, আপনি যদি তাকে "মিঠু" নামটা শেখাতে চান, তবে খাঁচার সামনে গিয়ে স্পষ্ট গলায় "মিঠু, মিঠু" বলতে থাকুন। দিনে অন্তত ২০-৩০ বার একই শব্দ আলাদা আলাদা সময়ে ওর সামনে উচ্চারণ করুন। পাখিটা যতক্ষণ না ওই নির্দিষ্ট শব্দটা পুরোপুরি আয়ত্ত করতে পারছে, ততক্ষণ অন্য কোনো নতুন শব্দ বলতে যাবেন না। একনাগাড়ে কিছুদিন একই শব্দ শুনলে একসময় ওটা তার স্মৃতিতে গেঁথে যাবে এবং সে নিজে থেকেই সেটা বলতে শুরু করবে।


৬. পুরস্কার বা রিওয়ার্ড দিন

কথা বলা শিখার পাখিকে জন্য পুরস্কার বা রিওয়ার্ড দিন


বাজরিগার পাখিকে কথা বলা শেখানোর সবচেয়ে মজার এবং কার্যকর কৌশল হলো তাকে লোভনীয় কোনো পুরস্কার দেওয়া। পাখি যখনই আপনার বলা শব্দের কাছাকাছি কোনো আওয়াজ করবে বা কথা বলার চেষ্টা করবে, তখনই তাকে আদর করুন এবং তার পছন্দের খাবার খেতে দিন। যেমন— এক টুকরো কলমি শাক, ধনেপাতা কিংবা তার প্রিয় কোনো সিড মিক্স (দানা জাতীয় খাবার) ওর সামনে এগিয়ে দিন। পাখিরা খুব বুদ্ধিমান, ওরা সহজেই বুঝতে পারে যে এই নির্দিষ্ট আওয়াজটা করলেই ভালো ভালো খাবার পাওয়া যায়। এই লোভেই সে বারবার আপনার বলা কথাটি বলার চেষ্টা করবে এবং খুব দ্রুত কথা বলা শিখে যাবে। 


কিছু গুরুত্বপূর্ণ টিপস ও সতর্কতা

  1. ধৈর্য ধরুন: বাজরিগার কোনো রোবট নয়। একটি পাখি কথা বলতে শিখতে ২ মাস থেকে ১ বছর পর্যন্ত সময় নিতে পারে।
  2. মোবাইল রেকর্ডিং ব্যবহার করতে পারেন: আপনি যখন ব্যস্ত থাকবেন, তখন আপনার কণ্ঠের একটি ছোট অডিও রেকর্ড করে পাখির খাঁচার পাশে মৃদু আওয়াজে বাজিয়ে রাখতে পারেন।
  3. রাগ করবেন না: পাখি কথা না বললে তার ওপর চিৎকার করবেন না বা খাঁচায় আঘাত করবেন না। এতে পাখি ভয় পেয়ে যাবে এবং কথা বলা বন্ধ করে দেবে।

লাভ বার্ড (Love Bird) পাখির ছেলে মেয়ে চেনার উপায়

 

শেষ কথা

পরিশেষে বলা যায়, বাজরিগার পাখিকে কথা বলা শেখানোর পুরো জার্নিটাই হলো আপনার ভালোবাসা আর ধৈর্যের পরীক্ষা। ঘরের এই ছোট্ট সদস্যটির মুখে নিজের ভাষা শুনতে কার না ভালো লাগে! তবে মনে রাখবেন, সব পাখির শেখার ক্ষমতা একরকম হয় না; কোনো পাখি হয়তো কয়েক সপ্তাহেই কথা বলা শুরু করে, আবার কোনো পাখির কয়েক মাসও লেগে যেতে পারে। তাই কোনোভাবেই জোর করা বা তাড়াহুড়ো করা যাবে না। পাখিকে পর্যাপ্ত সময় দিন, তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন এবং প্রতিদিন নিয়ম মেনে অল্প কিছুক্ষণ প্র্যাকটিস করান। আপনার আন্তরিক চেষ্টা আর সঠিক যত্ন থাকলে একদিন ঠিকই আপনার আদরের বাজরিগার পাখিটি মিষ্টি গলায় কথা বলে আপনাকে চমকে দেবে।

তথ্যসূত্র: wikihow ও Internet Search


বাজরিগার পাখির কথা বলা নিয়ে কিছু 

সাধারণ প্রশ্ন ও উত্তর (FAQ)

০১. প্রশ্ন: বাজরিগার পাখি কি আসলেই কথা বলতে পারে?

উত্তর: হ্যাঁ, একদম পারে! বাজরিগার পাখিরা মানুষের গলার আওয়াজ খুব সুন্দর নকল করতে ওস্তাদ। আপনি যদি একটু সময় নিয়ে ওদের ঠিকঠাক ট্রেনিং দেন, তবে ওরা খুব সুন্দর করে ছোট ছোট শব্দ, এমনকি ছোটখাটো বাক্যও একদম স্পষ্ট করে বলতে পারবে।


০২. প্রশ্ন: ছেলে নাকি মেয়ে—কোন বাজরিগার পাখি বেশি কথা বলে?

উত্তর: কথা বলার দিক থেকে মেয়ে পাখির চেয়ে ছেলে বা পুরুষ বাজরিগাররাই অনেক এগিয়ে। ওরা খুব দ্রুত এবং একদম পরিষ্কারভাবে কথা বলতে পারে। মেয়ে বাজরিগাররা সাধারণত বিভিন্ন রকম শিস বা টুকটাক আওয়াজ নকল করতে পারলেও, মানুষের মতো বুলি ফোটাতে ছেলে পাখিই সবচেয়ে সেরা।


০৩. প্রশ্ন: একটা বাজরিগার পাখি কথা শিখতে কতদিন সময় নেয়?

উত্তর: সত্যি বলতে, এটা একেকটা পাখির শেখার ক্ষমতা আর আপনার ধৈর্যের ওপর নির্ভর করে। তবে সাধারণত একটা কম বয়সী বাচ্চাকে নিয়মিত ২ থেকে ৬ মাস সময় দিলে ওরা টুকটাক কথা বলা শুরু করে দেয়। কোনো কোনো পাখির ক্ষেত্রে অবশ্য এর চেয়ে কিছুটা বেশি সময়ও লেগে যেতে পারে।


০৪. প্রশ্ন: জোড়ায় থাকা বাজরিগার পাখি কি কথা বলতে পারে?

উত্তর: খাঁচায় যদি জোড়ায় জোড়ায় বা একসাথে অনেকগুলো পাখি থাকে, তবে ওরা নিজেদের মধ্যেই কিচিরমিচির করতে বেশি পছন্দ করে। মানুষের ভাষা শেখার প্রতি ওদের আগ্রহ তখন কমে যায়। তাই পাখিকে কথা শেখাতে চাইলে তাকে একা রেখে বা একটু আলাদা করে আড়ালে নিয়ে ট্রেইন করাটাই সবচেয়ে ভালো আইডিয়া।


প্রশ্ন ৫: মোবাইলে আওয়াজ রেকর্ড করে শোনালে কি পাখি কথা শিখবে?

উত্তর: হ্যাঁ, এই টেকনিকটা বেশ ভালো কাজ করে। তবে মনে রাখবেন, সরাসরি মুখোমুখি কথা বলার কোনো বিকল্প নেই। আপনি যখন বাসার বাইরে থাকবেন, তখন মোবাইলে আপনার গলার ১০-১৫ মিনিটের একটা ছোট অডিও রেকর্ড করে মৃদু সাউন্ডে পাখির খাঁচার পাশে বাজিয়ে রাখতে পারেন। তবে সামনাসামনি কথা বললে ওরা সবচেয়ে দ্রুত ক্যাচ করে।


06 প্রশ্ন: অনেক চেষ্টা করার পরও পাখি কথা না বললে কী করব?

উত্তর: অনেক সময় কিছু পাখি কথা শিখতে একটু বেশি সময় নেয়, আবার কিছু পাখি হয়তো কখনোই মানুষের মতো কথা বলে না—শুধু মিষ্টি করে শিস দেয়। এমনটা হলে একদম হতাশ হবেন না কিংবা পাখির ওপর রাগ করবেন না। মনে রাখবেন, কথা না বললেও ও আপনার একটা আদরের পোষা প্রাণী। তাই ওকে ভালোবেসে যান এবং আগের মতোই নিয়মিত গল্প করতে থাকুন।


একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন