খামারের গবাদি পশু কিংবা খাঁচার শৌখিন পাখি—সবার শরীর ঠিক রাখতে ক্যালসিয়াম আর খনিজের কোনো বিকল্প নেই। শরীরে ক্যালসিয়াম কম পড়লে পাখির ডিমের খোসা পাতলা বা নরম হয়ে যায়, ডিম আটকে যাওয়ার (Egg binding) মতো মারাত্মক সমস্যা দেখা দেয়, আর পশুর হাড় হয়ে পড়ে দুর্বল।
বাজারের নামী-দামী কেমিক্যালযুক্ত ব্লকের চেয়ে ঘরে তৈরি প্রাকৃতিক ব্লক যেমন নিরাপদ, তেমনি সাশ্রয়ী। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে খুব কম খরচে একদম খাঁটি ও কার্যকর ক্যালসিয়াম ও মিনারেল ব্লক তৈরি করবেন।
কেন পোষা প্রাণী ও পাখির জন্য এটি জরুরি?
আমাদের চারপাশের পশু-পাখিরা প্রতিদিন যে সাধারণ খাবার খায়, তা থেকে শরীরের সব খনিজের ঘাটতি মেটানো সম্ভব হয় না। বিশেষ করে ডিম পাড়ার বা ব্রিডিংয়ের সময়ে তাদের শরীরে ক্যালসিয়ামের চাহিদা এক লাফে অনেক বেড়ে যায়। এই ঘাটতি পূরণে একটি মিনারেল ব্লক দারুণ কাজ করে। এর প্রধান উপকারিতাগুলো নিচে দেওয়া হলো:
পাখির যত্নে মিনারেল ব্লকের ভূমিকা
ডিমের খোসা শক্ত করে: ডিমের আকৃতি সুন্দর রাখে এবং নরম ডিম পাড়ার সমস্যা দূর করে।
ডিম আটকে যাওয়া কমায়: পর্যাপ্ত ক্যালসিয়াম থাকলে পাখির ডিম পাড়া সহজ হয়, ফলে ডিম আটকে মারা যাওয়ার ঝুঁকি থাকে না।
চেহারা ও গঠন সুন্দর করে: পাখির পালক উজ্জ্বল ও মসৃণ রাখে এবং ঠোঁট ও নখ শক্ত করে।
গবাদি পশুর উপকারে
হাড়ের রোগ থেকে মুক্তি: পশুর হাড় ও দাঁতের গঠন মজবুত করে এবং 'রিকেটস' এর মতো হাড়ের ক্ষয়রোগ প্রতিরোধ করে।
দুধ ও মাংসের উৎপাদন বাড়ায়: গাভীর শরীরে ক্যালসিয়ামের লেভেল ঠিক রেখে দুধের পরিমাণ ও মান দুই-ই বাড়িয়ে দেয়।
ভেতর থেকে সুস্থ রাখে: পশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যার ফলে সহজে কোনো রোগ-বালাই বা ইনফেকশন তাদের কাবু করতে পারে না।
ক্যালসিয়াম ও মিনারেল ব্লক তৈরীর নিয়ম
পাখি ও পশুর শরীরের গঠন যেমন আলাদা, তাদের খাওয়ার অভ্যাসও সম্পূর্ণ ভিন্ন। পাখিরা তাদের ছোট ঠোঁট দিয়ে ঠুকরে খায়, তাই এদের জন্য দরকার কিছুটা নরম ও খাঁচায় ঝুলিয়ে রাখা যায় এমন ব্লক। অন্যদিকে, গরু, মহিষ বা ছাগল চিবিয়ে না খেয়ে সাধারণত চেটে খায়। তাই গবাদি পশুর জন্য প্রয়োজন বড় ও বেশ শক্ত 'লিকিং ব্লক' (Licking Block)।
পুষ্টির চাহিদা ও খাওয়ার ধরনের এই পার্থক্যের কারণে দুটি ব্লক তৈরির নিয়ম ও উপাদানের পরিমাণে কিছুটা ভিন্নতা রয়েছে। নিচে সহজ ভাষায় দুটি পদ্ধতিই তুলে ধরা হলো:
১. পাখির জন্য ক্যালসিয়াম ও মিনারেল ব্লক তৈরির নিয়ম
পাখির ঠোঁটের সুরক্ষায় এই ব্লকটি এমনভাবে তৈরি করা হয় যেন তারা সহজে ঠুকরে খেতে পারে।
প্রয়োজনীয় উপাদান:
- প্লাস্টার অব প্যারিস: ১ কাপ (জমাট বাঁধার জন্য)
- ডিমের খোসা ও কাটেলফিশ বোনের গুঁড়ো: ১ কাপ (দুটি সমপরিমাণে মেশানো)
- কাঠকয়লার গুঁড়ো (Charcoal) ও মিনারেল পাউডার: ২ চা চামচ
- জিআই তার: খাঁচায় ঝুলিয়ে দেওয়ার জন্য
- ছাঁচ: ওয়ান-টাইম প্লাস্টিক কাপ বা ছোট বাটি
তৈরি করার পদ্ধতি:
১. শুকনো উপাদানের মিশ্রণ: একটি পাত্রে প্লাস্টার অব প্যারিস, ডিমের খোসা গুঁড়ো, কাটেলফিশ বোন পাউডার এবং কাঠকয়লার গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিন।
২. পেস্ট তৈরি: এবার শুকনো মিশ্রণে অল্প অল্প করে পানি ঢেলে দ্রুত নাড়তে থাকুন, যেন ঘন ও থকথকে একটি পেস্ট তৈরি হয়।
৩. ছাঁচে ঢালা ও তার বসানো: প্লাস্টার অব প্যারিস খুব দ্রুত জমাট বেঁধে যায়, তাই দেরি না করে মিশ্রণটি ওয়ান-টাইম কাপে ঢেলে ফেলুন। ঢালার পরপরই একটি জিআই তারকে ইংরেজি 'U' অক্ষরের মতো বাঁকিয়ে মিশ্রণের মাঝখানে অর্ধেকটা ডুবিয়ে দিন।
৪. শুকানো: কাপগুলো কড়া রোদে ১ থেকে ২ দিন রেখে দিন। পুরোপুরি শুকিয়ে পাথরের মতো শক্ত হয়ে গেলে কাপটি কেটে ব্লকটি বের করে নিন। এবার তারের সাহায্যে এটি খাঁচায় ঝুলিয়ে দিন।
২. গবাদি পশুর জন্য মিনারেল লিকিং ব্লক তৈরির নিয়ম
গরু-ছাগলের জন্য ব্লকটি আকারে বড় এবং বেশ শক্ত হতে হয়, যেন সহজে ভেঙে না যায়।
প্রয়োজনীয় উপাদান:
- পরিষ্কার লাল মাটি বা সাধারণ মাটি: ৩ কেজি
- খাবার চুন (ক্যালসিয়ামের উৎস): ১ কেজি
- লবণ (দানাদার বা সাধারণ): ১ কেজি
- ডিসিপি (DCP) পাউডার: ৫০০ গ্রাম (ডাই-ক্যালসিয়াম ফসফেট)
- চিটাগুড় (Molasses): ৫০০ গ্রাম (মিষ্টি স্বাদ ও উপাদানগুলো জোড়া লাগানোর জন্য)
- ছাঁচ: ৫ কেজির খালি প্লাস্টিকের বালতি বা কাঠের বক্স
তৈরি করার পদ্ধতি:
১. গুঁড়ো উপাদান মেশানো: একটি বড় গামলা বা পাত্রে মাটি, চুন, লবণ এবং ডিসিপি পাউডার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিন, যেন কোনো দলা না থাকে।
২. চিটাগুড় যোগ করা: এবার এই শুকনো মিশ্রণে চিটাগুড় এবং সামান্য পানি দিন। চিটাগুড়ের মিষ্টি গন্ধ পশুকে ব্লক চাটতে আকৃষ্ট করবে। মিশ্রণটি এমনভাবে মাখবেন যেন হাত দিয়ে চাপ দিলে মুঠি তৈরি হয়, কিন্তু কাদার মতো একদম নরম বা ভেজা না হয়ে যায়।
৩. ছাঁচে চেপে বসানো: মাখানো মাটি এবার বালতি বা কাঠের ছাঁচে ঢালুন। ঢালার সময় একটি ভারী কাঠ বা ইট দিয়ে খুব ভালো করে চেপে চেপে বসান, যেন ভেতরে কোনো বাতাস বা ফাঁকা জায়গা না থাকে।
৪. রোদ ও ব্যবহার: ছাঁচসহ ব্লকটি রোদে ৩-৪ দিন রেখে দিন। শক্ত হয়ে গেলে ছাঁচ থেকে বের করে আরও ২ দিন কড়া রোদে শুকিয়ে নিন। পুরোপুরি শুকিয়ে গেলে এটি গোয়ালঘরে পশুর নাগালের মধ্যে রেখে দিন, যেন তারা আরামসে চাটতে পারে।
ক্যাসিয়াম ও মিনারেল ব্লকে ফাঙ্গাস বা ছত্রাক পড়া রোধ করার সহজ উপায়
যেহেতু এই ব্লকে মাটি, চিটাগুড় বা ডিমের খোসার মতো প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়, তাই একটু অসাবধান হলেই এতে ফাঙ্গাস বা ছত্রাক ধরতে পারে। ব্লক দীর্ঘদিন ভালো রাখতে নিচের বিষয়গুলো খেয়াল রাখুন:
কড়া রোদে শুকানো
ব্লক তৈরির পর তা ছাঁচ থেকে বের করে অন্তত ৩-৪ দিন কড়া রোদে একদম ঝনঝনে করে শুকিয়ে নিতে হবে। ভেতরে সামান্য আর্দ্রতা বা ভেজা ভাব থাকলেও ফাঙ্গাস পড়তে পারে।
সংরক্ষণ পদ্ধতি
বাড়তি বা অব্যবহৃত ব্লকগুলো পলিব্যাগ বা এয়ারটাইট বক্সে ভরে শুকনো ও ঠান্ডা জায়গায় রাখুন। কোনোভাবেই যেন সেখানে স্যাঁতসেঁতে হাওয়া না ঢোকে।
বর্ষাকালের যত্ন
বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকে। এই সময়ে খাঁচায় বা গোয়ালে থাকা ব্লকটি মাঝে মাঝে বের করে রোদে দিন অথবা চুলার নিচে হালকা গরম করে নিন।
আর্দ্রতা ও পানি থেকে বাঁচানো
ব্লকটি খাঁচা বা গোয়ালে এমন স্থানে বসান যেখানে পানির কোনো ছিটকানি পৌঁছাবে না। কোনো কারণে মিনারেল ব্লক ভিজে গেলে তাতে খুব দ্রুত ছত্রাক বা ফাঙ্গাস জন্মায় এবং তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। ভিজা ব্লক দ্রুত ফাঙ্গাস আক্রান্ত হয়।
খাঁচায় ও গোয়ালঘরে ক্যালসিয়াম ও মিনারেল ব্লক স্থাপনের সঠিক নিয়ম
ব্লক তৈরি করার পর তা পোষা প্রাণী বা পাখির সামনে সঠিকভাবে উপস্থাপন করা অত্যন্ত জরুরি, যেন তারা স্বাচ্ছন্দ্যে এটি খেতে পারে।
পাখির খাঁচায় স্থাপনের নিয়ম
উচ্চতা নির্ধারণ: ব্লকটি খাঁচার তলার মাটিতে ফেলে রাখবেন না। পাখির বসার লাঠি বা পার্চের (Perch) কাছাকাছি উচ্চতায় এটি ঝুলিয়ে দিন, যেন পাখি সহজে নাগাল পায়।
জিআই তারের ব্যবহার: ব্লক তৈরির সময় যে জিআই তারটি দেওয়া হয়েছিল, সেটি খাঁচার গ্রিলের সাথে শক্ত করে পেঁচিয়ে দিন। খেয়াল রাখবেন তারের কোনো চোখা অংশ যেন পাখির গায়ে না লাগে।
মল-মূত্র থেকে দূরে: পাখির পটি বা মল যেন ব্লকের ওপর না পড়ে, এমন কোণায় এটি স্থাপন করুন। নোংরা হলে ব্লকটি দ্রুত খাঁচা থেকে বের করে পরিষ্কার করে দিন।
গবাদি পশুর গোয়ালঘরে স্থাপনের নিয়ম:
নাগালের মধ্যে রাখা: গরু, মহিষ বা ছাগলের ব্লকের ওজন বেশি হয়। তাই গোয়ালঘরের খুঁটিতে বা চারির (খাবারের পাত্র) পাশে পশুর মুখের উচ্চতা অনুযায়ী এটি শক্ত করে বেঁধে রাখুন।
মাটি থেকে উঁচুতে: ব্লকটি কখনো গোয়ালের মেঝেতে রাখবেন না। মেঝেতে রাখলে পশুর গোবর বা চনা লেগে এটি নষ্ট হয়ে যাবে এবং বিভিন্ন রোগ ছড়াবে।
একসাথে একাধিক পশুর জন্য: যদি একই সাথে কয়েকটি গরু বা ছাগল থাকে, তবে বড় ব্লকের ক্ষেত্রে এমন জায়গায় রাখুন যেন সবাই সমানভাবে চাটতে পারে। মারামারি এড়াতে চাইলে প্রতিটি পশুর জন্য আলাদা ছোট ব্লক ঝুলিয়ে দিতে পারেন
শেষ কথা
পোষা প্রাণী ও পাখিকে সুস্থ-সবল রাখতে তাদের সঠিক পুষ্টির জোগান দেওয়া আমাদের দায়িত্ব। বাজার থেকে চড়া দামে রাসায়নিকযুক্ত ব্লক না কিনে, এই সহজ উপায় কাজে লাগিয়ে আজই ঘরে তৈরি করুন সম্পূর্ণ নিরাপদ ও সাশ্রয়ী ক্যালসিয়াম ব্লক।
সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর (FAQ)
১. প্রশ্ন: প্লাস্টার অব প্যারিস ব্যবহার করলে কি পাখি বা পশুর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে?
উত্তর: না, এটি গবাদি পশু বা পাখির জন্য ক্ষতিকর নয়। প্লাস্টার অব প্যারিস মূলত ক্যালসিয়াম সালফেট, যা ব্লকটিকে শক্ত জমাট বাঁধতে (বাইন্ডিং এজেন্ট হিসেবে) সাহায্য করে। তবে উপাদানটি কম পরিমাণে ব্যবহার করে এর বদলে ডিমের খোসা বা ঝিনুক গুঁড়োর মতো প্রাকৃতিক উৎসের পরিমাণ বেশি রাখাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
২. প্রশ্ন: নিজের হাতে তৈরি এই মিনারেল ব্লক কতদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়?
উত্তর: এই ব্লকগুলো বেশ দীর্ঘসময় ভালো থাকে। রোদ বা বাতাসে ভালোভাবে শুকানোর পর এটিকে যদি কোনো শুকনো এবং স্যাঁতসেঁতে নয় এমন জায়গায় রাখা যায়, তবে এটি ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত অনায়াসে ব্যবহার করা সম্ভব। শুধু খেয়াল রাখতে হবে যেন এতে কোনোভাবে ফাঙ্গাস বা ছত্রাক না জন্মায়।
৩. প্রশ্ন: গবাদি পশুর জন্য তৈরি ব্লকে কি উপাদানগুলোর কোনো পরিবর্তন করতে হয়?
উত্তর: হ্যাঁ, গরু বা ছাগলের ব্লকের উপাদান পাখির ব্লকের চেয়ে কিছুটা আলাদা হয়। পশুর ব্লকে সোডিয়ামের চাহিদা মেটাতে লবণের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হয়। সেই সাথে তাদের হাড়ের গঠন ও হজম প্রক্রিয়া ঠিক রাখতে ঝিনুক চূর্ণের পাশাপাশি লাল মাটি এবং ডাই-ক্যালসিয়াম ফসফেট (DCP) মেশানো অত্যন্ত জরুরি।



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন