ছাগলের পাতলা পায়খানা হলে কি করনীয়: কারণ, লক্ষণ ও বাস্তবসম্মত ঘরোয়া চিকিৎসা

 বাণিজ্যিক বা শখের বসে—যেভাবেই হোক না কেন, ছাগল পালন কিন্তু বেশ লাভজনক। তবে বিপত্তি বাঁধে তখন, যখন হুট করে খামারে কোনো রোগবালাই হানা দেয়। ছাগল পালনকারীরা ভালো করেই জানেন যে ছাগলের পেট অনেক বেশি সংবেদনশীল। খাবারের একটু ব্যতিক্রম হলেই ছাগলের পেট খারাপ বা পাতলা পায়খানা  বা ডায়রিয়া শুরু হয়ে যায়। 

ছাগলের পাতলা পায়খানা হলে কি করনীয়


এই রোগটাকে অনেকে সাধারণ ভাবলেও সঠিক সময়ে ব্যবস্থা না নিলে ছাগলের শরীর থেকে সব পানি আর লবণ বের হয়ে যায়। দেখতে দেখতে ছাগলটা একদম নিস্তেজ হয়ে পড়ে এবং মারাও যেতে পারে। তাই ছাগলের পাতলা পায়খানা হলে ঠিক কী করা উচিত এবং ঘরে থাকা কোন কোন জিনিস দিয়ে এর প্রাথমিক চিকিৎসা করা যায়, তা জানা প্রতিটি খামারির জন্য খুবই জরুরি।


ছাগলের পাতলা পায়খানার কারণ

 ছাগলের পেট খারাপ বা ডায়রিয়া হওয়ার পেছনে অনেকগুলো ছোট-বড় কারণ থাকে। এগুলো জানা থাকলে রোগ প্রতিরোধ করা সহজ হয়:

ব্যাকটেরিয়ার হানা

সালমোনেলোসিস, পাসচুরেলোসিস, এন্টারোটকসেমিয়া, কলিব্যাসিলোসিস এবং প্যারাটিবারকুলোসিসের মতো ক্ষতিকর ব্যাকটেরিয়ার কারণে ছাগলের পেটে ইনফেকশন হয় এবং পাতলা পায়খানা শুরু হয়।

ভাইরাসের সংক্রমণ

রিন্ডারপেস্ট, রোটা ভাইরাস কিংবা বোভাইন ভাইরাল ডায়রিয়ার মতো কিছু বিপজ্জনক ভাইরাসের আক্রমণ হলেও ছাগলের মারাত্মক পেট খারাপ দেখা দেয়।

ছত্রাক বা ফাঙ্গাস

ক্যান্ডিডিয়াসিস বা অ্যাসপারজিলোসিসের মতো ফাঙ্গাস ছাগলের পরিপাকতন্ত্রে বাসা বাঁধলে ছাগলের পায়খানা নরম হয়ে যায়।

পেটের পরজীবী

ককসিডিওসিস, ফ্যাসিওলিয়াসিস কিংবা সিস্টোসোমিয়াসিসের মতো কিছু ক্ষতিকর পরজীবী ছাগলের পেটে ঢুকে এই রোগ বাঁধায়।

হুট করে খাবার বদলে ফেলা

ছাগলকে প্রতিদিন যে খাবার দেওয়া হয়, তা হঠাৎ করে একদিনেই পুরোপুরি বদলে ফেললে ওদের হজম প্রক্রিয়ায় বড় ধাক্কা লাগে।

পেটে অতিরিক্ত কৃমি হওয়া

সময়মতো ছাগলকে কৃমির ওষুধ না খাওয়ালে পেটের ভেতর কৃমিগুলো অন্ত্রের দেয়াল কামড়ে ক্ষত তৈরি করে। এর ফলে ছাগলের দীর্ঘমেয়াদী পাতলা পায়খানা লেগে থাকে।

নষ্ট খাবার ও নোংরা পানি

বাসি-পচা খাবার, শেওলা ধরা নোংরা পানি কিংবা ছাগল মারাত্মক পিপিআর (PPR) ভাইরাসে আক্রান্ত হলে খুব খারাপ ধরনের ডায়রিয়া হয়।

বর্ষার ভেজা কচি ঘাস

বর্ষাকালে মাঠের কচি ঘাস প্রচুর পানি আর ভেজা থাকে। অনেক সময় ঘাসে ফাঙ্গাসও থাকে। এই ভেজা ঘাস বা ফাঙ্গাস ধরা দানাদার খাবার খেলে ছাগলের পেট ফেঁপে যায় এবং পায়খানা পানির মতো হয়।

একবারে বেশি দানাদার খাবার দেওয়া

ভাত, গম, খুদ বা ভুসির মতো দানাদার খাবার একবারে খুব বেশি পরিমাণে খাওয়ালে ছাগলের পেটে অ্যাসিডের পরিমাণ অনেক বেড়ে যায়, যাকে চিকিৎসা বিজ্ঞানে অ্যাসিডোসিস বলে। এর ফলেও পাতলা পায়খানা শুরু হয়।

 

পাতলাপায়খানার লক্ষণ

 

ছাগলের মলত্যাগের ধরণ দেখে এই রোগকে দুই ভাগে ভাগ করা যায়। লক্ষণগুলো খেয়াল করলেই বুঝবেন রোগটি কতটা ছড়িয়েছে।

 

১. তীব্র প্রকৃতি (Acute Form)

 

01. ছাগল কোনো আগাম লক্ষণ ছাড়াই হুট করে একদম পানির মতো পিচকারি দিয়ে মল ত্যাগ করে।

02. এই মলের রঙ সবুজ, কালচে বা হলদেটে হতে পারে এবং তা থেকে ভীষণ দুর্গন্ধ বের হয়।

03. আক্রান্ত ছাগলটি খাওয়া-দাওয়া একবারে ছেড়ে দেয় এবং জাবর কাটাও বন্ধ করে দেয়।

04. শরীর থেকে দ্রুত পানি কমে যাওয়ার কারণে ছাগলের চোখ দুটো ভেতরের দিকে ঢুকে যায় এবং গায়ের চামড়া টানলে সহজে আগের জায়গায় ফেরে না (ঢিলে হয়ে যায়)।

05. ছাগলের শরীর ঠাণ্ডা হয়ে আসে এবং একপর্যায়ে দাঁড়ানোর শক্তি হারিয়ে মাটিতে শুয়ে পড়ে।

 

ছাগলের পাতলা পায়খানা হলে কি করনীয়

২. দীর্ঘমেয়াদী প্রকৃতি (Chronic Form)

 

01. ছাগলের পায়খানা একদম পানির মতো পাতলা হয় না, তবে সব সময় নরম, আঠালো বা থকথকে গোবরের মতো থাকে।

02. এই সমস্যা সহজে কমে না; দেখা যায় টানা কয়েক সপ্তাহ বা মাসজুড়ে ছাগলের এই অবস্থা চলছে।

03. ছাগল দিন দিন শুকিয়ে কাঠি হয়ে যায়, পিঠের হাড় গোনা যায় এবং গায়ের পশম উসকো-খুসকো দেখায়।

04. ছাগলের ঠিকমতো গ্রোথ বা বৃদ্ধি হয় না এবং ভেতরে ভেতরে রক্তস্বল্পতা দেখা দেয়।

 

ছাগলের পাতলা পায়খানার হলে কি করণীয়

ছাগলের পাতলা পায়খানা হলে কি করনীয়


তীব্র প্রকৃতির ক্ষেত্রে ঘরোয়া চিকিৎসা

 তীব্র ডায়রিয়া হলে ছাগলকে বাঁচানোর একমাত্র উপায় হলো তার শরীরের পানির অভাব পূরণ করা। এর জন্য সম্পূর্ণ কার্যকর ও বাস্তবসম্মত ঘরোয়া উপায়গুলো নিচে দেওয়া হলো:

খাবার স্যালাইন বা ওআরএস (ORS)

এটি হলো ডায়রিয়ার সবচেয়ে সহজ ও সেরা চিকিৎসা। ১ লিটার পরিষ্কার ফোটানো পানি হালকা ঠাণ্ডা করে তাতে এক প্যাকেট মানুষের খাওয়ার ওআরএস স্যালাইন গুলিয়ে নিন। এবার একটি প্লাস্টিকের সিরিঞ্জ বা বোতল দিয়ে ছাগলটিকে প্রতি ১ থেকে ২ ঘণ্টা পর পর অল্প অল্প করে মুখে খাইয়ে দিন।

ঘরে তৈরি স্যালাইন 

হাতের কাছে ওআরএস প্যাকেট না থাকলে চিন্তা নেই। ১ লিটার পরিষ্কার পানিতে ১ চামচ লবণ এবং ৪ চামচ চিনি বা গুড় খুব ভালো করে মিশিয়ে নিন। এটিও ছাগলের শরীরের পানির ঘাটতি দ্রুত দূর করবে।

পেয়ারা বা থানকুনি পাতার রস

কচি পেয়ারা পাতার ডগা অথবা থানকুনি পাতা ভালো করে বেটে তার রস (২৫-৩০ মিলি) ছাগলকে খাইয়ে দিন। এটি পেটের ইনফেকশন ও মোচড়ানি কমায়। এছাড়া চা পাতা ফুটিয়ে কড়া লিকার তৈরি করে তা ঠাণ্ডা করে খাওয়ালে এর ভেতরের ট্যানিন উপাদান পায়খানা শক্ত করতে সাহায্য করে।

ছাগলের পাতলা পায়খানা হলে কি করনীয়


সেদ্ধ কাঁচাকলা

একটা কাঁচাকলা খোসাসহ ভালো করে সেদ্ধ করে চটকে নিন। এরপর এর সাথে সামান্য ধানের তুষ মিশিয়ে ছাগলকে খাওয়ালে মল দ্রুত শক্ত হয়ে আসে।

 

দীর্ঘমেয়াদী পাতলা পায়খানার ঘরোয়া চিকিৎসা

বদহজম, পুষ্টির অভাব বা পেটের পুরোনো কোনো গোলমালের কারণে দীর্ঘদিন ধরে পায়খানা নরম থাকলে এই ঘরোয়া টোটকাগুলো দারুণ কাজ করে:

আদা ও জিরার টোটকা

আদা আর জিরা ছাগলের হজমশক্তি বাড়াতে এবং পেটের ভেতরের গ্যাস দূর করতে ওস্তাদ। ২০ গ্রাম আদা বাটা আর ১০ গ্রাম জিরা গুঁড়ো সামান্য পানিতে গুলে দিনে দুবার খাওয়ালে ছাগলের দীর্ঘমেয়াদী বদহজম কেটে যায়।

শুকনো খাবার দেওয়া ও ঘাস বন্ধ করা

ছাগলের পেট দীর্ঘদিন খারাপ থাকলে কাঁচা ঘাস বা ভেজা খাবার দেওয়া একবারে বন্ধ রাখুন। তাকে শুধু ভালো মানের শুকনো খড় (বিচালি) আর শুকনো ধানের ভুসি খেতে দিন। শুকনো খাবার পেটের অতিরিক্ত পানি চুষে নিয়ে পায়খানা স্বাভাবিক করে।

ছাগলের পাতলা পায়খানা হলে কি করনীয়


টক দই বা ঘোল

দীর্ঘদিন পাতলা পায়খানা হলে ছাগলের পেটের ভেতরের ভালো ব্যাকটেরিয়াগুলো মরে যায়। তাই প্রতিদিন ৫০ থেকে ১০০ গ্রাম টক দই বা ঘোল খাওয়ালে পেটে উপকারী ব্যাকটেরিয়া (Probiotics) আবার তৈরি হয় এবং ছাগলের হজম ক্ষমতা ফিরে আসে।

 

ছাগলের পাতলা পায়খানা বা ডায়রিয়া প্রতিরোধে করণীয়

 

রোগ হওয়ার পর চিকিৎসা করার চেয়ে রোগ যাতে না হয়, সেই ব্যবস্থা করাই বুদ্ধিমানের কাজ। ছাগলকে সুস্থ রাখতে এই নিয়মগুলো মেনে চলুন:

নিয়মিত কৃমিমুক্ত করা

প্রতি ৩ মাস পর পর সরকারি বা ভালো কোনো পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে ছাগলকে সঠিক মাপে কৃমির ওষুধ খাওয়ান।

আস্তে আস্তে খাবার বদলানো

ছাগলের খাবারে কোনো নতুন জিনিস যোগ করতে চাইলে তা হুট করে এক দিনে না দিয়ে, অন্তত সপ্তাহখানেক সময় নিয়ে আগের খাবারের সাথে অল্প অল্প করে মিশিয়ে অভ্যাস করান।

পরিষ্কার-পরিচ্ছন্নতা

ছাগলকে সব সময় পরিষ্কার পাত্রে বিশুদ্ধ পানি দিন। বাসি, পচা, ভেজা বা ফাঙ্গাস ধরা দানাদার খাবার ভুলেও দেবেন না।

বর্ষাকালের সতর্কতা

বর্ষার দিনে মাঠের ভেজা কচি ঘাস কেটে এনেই সরাসরি ছাগলকে দেবেন না। ঘাস কাটার পর কিছুক্ষণ রোদে বা বাতাসে ছড়িয়ে রাখুন, পানি শুকিয়ে গেলে তারপর খেতে দিন।

টিকা বা ভ্যাকসিন দেওয়া

পিপিআর (PPR) ভাইরাসের কারণে ছাগলের মারাত্মক ডায়রিয়া হয় এবং ছাগল মারা যায়। তাই নিয়ম করে খামারের সব ছাগলকে পিপিআর প্রতিষেধক ভ্যাকসিন দিয়ে রাখুন।

 

প্রশ্ন-উত্তর

প্রশ্ন ১: ছাগলের পেট খারাপ হলে কি কাঁচা ঘাস দেওয়া যাবে?

উত্তর: একদমই না। ছাগলের পেট খারাপ থাকা অবস্থায় কাঁচা ঘাস বা ভেজা খাবার খাওয়ালে সমস্যা আরও বেড়ে যাবে। এই সময় শুধু শুকনো খড় ও পরিষ্কার শুকনো ভুষি খেতে দেওয়া উচিত।

প্রশ্ন ২: ঘরোয়া চিকিৎসা কাজ না করলে কখন ডাক্তারের কাছে যাবো?

উত্তর: ঘরোয়া স্যালাইন ও পরিচর্যা দেওয়ার ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেও যদি ছাগলের পায়খানা না কমে, ছাগল যদি নেতিয়ে মাটিতে শুয়ে পড়ে কিংবা মলের সাথে রক্ত বা শ্লেষ্মা (আম) বের হয়, তবে দেরি না করে দ্রুত রেজিস্টার্ড পশু চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।

প্রশ্ন ৩: মানুষের ডায়রিয়ার ওষুধ কি ছাগলকে খাওয়ানো যায়?

উত্তর: ডাক্তারের পরামর্শ ছাড়া মানুষের কোনো অ্যান্টিবায়োটিক বা ডায়রিয়ার ক্যাপসুল ছাগলকে খাওয়ানো মোটেও ঠিক নয়। মানুষের আর ছাগলের পাকস্থলী সম্পূর্ণ আলাদা। ভুল ওষুধ খাওয়ালে ছাগলের জাবর কাটা চিরতরে বন্ধ হয়ে যেতে পারে, যা ছাগলের মৃত্যুর কারণ হতে পারে।

 

উপসংহার

 

ছাগলের পাতলা পায়খানা বা ডায়রিয়াকে কখনো হালকাভাবে নেওয়া উচিত নয়। রোগ ধরার সাথে সাথেই যদি পানিশূন্যতা ঠেকাতে ওআরএস স্যালাইন আর পেয়ারা পাতার রসের মতো ঘরোয়া দাওয়াই ব্যবহার করা যায়, তবে বেশির ভাগ ছাগলই দ্রুত সুস্থ হয়ে ওঠে। তবে খামার পরিষ্কার রাখা, সময়মতো কৃমির ওষুধ দেওয়া আর সঠিক নিয়মে খাবার দেওয়াই হলো ছাগলকে এই রোগ থেকে দূরে রাখার আসল রহস্য। সচেতন খামার ব্যবস্থাপনাই ছাগল পালনে সফলতার মূল চাবিকাঠি।

গরুর পাতলা পায়খানা হলে করণীয়

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন